প্রধান খবর

ঢাকাকে বসবাসযোগ্য শহরে পরিণত করা জরুরি: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি

বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকায় ঢাকার অবস্থান তৃতীয় উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, রাজধানীকে এই পরিস্থিতি থেকে বের করে আনা এখন সময়ের অন্যতম বড় চ্যালেঞ্জ। তিনি বলেন, পরিকল্পনাহীন নগরায়ণ, অপরিকল্পিত শিল্পায়ন এবং পরিবেশের প্রতি উদাসীনতা ঢাকার বর্তমান অবস্থার জন্য দায়ী। তাই টেকসই উন্নয়নের স্বার্থে রাজধানীকে আরও বাসযোগ্য করে তুলতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

বৃহস্পতিবার (৯ জুলাই) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রী বলেন, একটি সভ্য দেশে যেভাবে পরিকল্পনাহীনভাবে যত্রতত্র কলকারখানা গড়ে তোলা হচ্ছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। উন্নয়নের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে শিল্প স্থাপনের ক্ষেত্রে সঠিক পরিকল্পনা ও পরিবেশগত মানদণ্ড অনুসরণ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

পরিবেশ রক্ষায় জনসচেতনতার ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের অধিকাংশ মানুষ এখনো পরিবেশ সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে পর্যাপ্ত সচেতন নন। তাই পরিবেশবান্ধব আচরণ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে এবং সচেতনতা বৃদ্ধির কার্যক্রম আরও জোরদার করতে হবে।

নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্য বাস্তবায়নে সরকার কাজ করছে। তবে শুধু গাছ লাগালেই হবে না, কোন অঞ্চলে কোন ধরনের গাছ উপযোগী, সে বিষয়েও সবাইকে সচেতন থাকতে হবে।

প্রধানমন্ত্রী বিশেষভাবে ইউক্যালিপটাসের মতো পরিবেশের জন্য ক্ষতিকর গাছ রোপণ থেকে বিরত থাকার আহ্বান জানান। তিনি বলেন, দেশীয় ও পরিবেশবান্ধব বৃক্ষরোপণের মাধ্যমে জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করা সম্ভব।

অনুষ্ঠানে পরিবেশ সংরক্ষণে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিন ব্যক্তি ও তিনটি প্রতিষ্ঠানকে জাতীয় পরিবেশ পদক প্রদান করা হয়। এছাড়া বৃক্ষরোপণে বিশেষ অবদানের জন্য সাতটি ক্যাটাগরিতে মোট ২১ জনকে জাতীয় পুরস্কার দেওয়া হয়।

উল্লেখ্য, গত সোমবার (৬ জুলাই) ইকোনমিস্ট গ্রুপের গবেষণা প্রতিষ্ঠান ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ) বিশ্বের ১৭৩টি শহরের বসবাসযোগ্যতা সূচক প্রকাশ করে। ওই সূচকে বিশ্বের সবচেয়ে কম বসবাসযোগ্য শহরগুলোর মধ্যে ঢাকার অবস্থান তৃতীয়। ২০২৫ সালেও একই অবস্থানে ছিল বাংলাদেশের রাজধানী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *