চলতি জুলাই মাসের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এর নতুন মূল্য বৃহস্পতিবার (২ জুলাই) ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সংস্থাটির প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিইআরসি জানিয়েছে, সৌদি আরামকো ঘোষিত কন্ট্রাক্ট প্রাইস (সিপি) অনুযায়ী ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির নতুন মূল্য সমন্বয় করা হবে। এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেল ৩টায় রাজধানীর রমনার ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি) ভবনে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন দর ঘোষণা করা হবে।
এছাড়া কমিশনের আনুষ্ঠানিক আদেশ প্রকাশের পর নতুন মূল্যতালিকা বিইআরসির ওয়েবসাইটেও পাওয়া যাবে বলে জানিয়েছে সংস্থাটি।
উল্লেখ্য, সর্বশেষ গত ২ জুন ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করা হয়। একই সময়ে অটোগ্যাসের দামও লিটারপ্রতি ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছিল।

