প্রধান খবর

চট্টগ্রামে প্রকাশ্যে গুলি করে যুবককে হত্যা

চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানার ফরেস্ট গেইট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. আজাদ (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (১ জুলাই) বিকেলে ব্যস্ত সড়কে এ ঘটনা ঘটে। নিহত আজাদ পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানায়, বিকেলে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় অজ্ঞাতপরিচয় কয়েকজন ব্যক্তি তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তিনি গুরুতর আহত হয়ে সড়কে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে জরুরি বিভাগে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক নুরুল আলম আশেক জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তও চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *