প্রধান খবর

দুর্নীতির মামলায় রাশেদ খান মেননকে গ্রেপ্তার দেখানোর আবেদন

উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলায় সাবেক সংসদ সদস্য রাশেদ খান মেননকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (১ জুলাই) মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের সহকারী পরিচালক ফেরদৌস রহমান আদালতে এ আবেদন করেন।

ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ শাহজাহান কবির আগামী ৮ জুলাই আসামির উপস্থিতিতে আবেদনের ওপর শুনানির দিন নির্ধারণ করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের প্রসিকিউটর দেলোয়ার জাহান রুমি।

মামলার নথি অনুযায়ী, বিধি বহির্ভূতভাবে নিয়োগ বোর্ড গঠন, এনটিআরসিএ সনদ ছাড়া প্রার্থীদের অংশগ্রহণের সুযোগ প্রদান এবং লিখিত পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পাওয়া প্রার্থীকে মৌখিক পরীক্ষায় অংশ নিতে না দেওয়াসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠে। এছাড়া নিয়োগ পরীক্ষা শেষ হওয়ার আগেই নিয়োগপত্র ও যোগদানপত্র ইস্যু করা হয়।

দুদকের তদন্তে অভিযোগ ওঠে, এসব অনিয়ম ও প্রতারণার মাধ্যমে পূর্বপরিচিত ১৩ জনকে শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ ঘটনায় গত বছরের ২২ ডিসেম্বর রাশেদ খান মেননসহ মোট ২০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *