চট্টগ্রাম-৪ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী বিএনপি নেতা আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ঋণ খেলাপির অভিযোগে দেওয়া এ রায়ের ফলে তার নির্বাচনী ফলাফল প্রকাশ করা যাবে না এবং সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের সুযোগও থাকছে না।
মঙ্গলবার (৩০ জুন) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এর আগে গত ১৫ জুন শুনানি শেষে আদালত ৩০ জুন রায় ঘোষণার দিন নির্ধারণ করেছিলেন। শুনানিতে আসলাম চৌধুরীর পক্ষে জ্যেষ্ঠ আইনজীবীরা এবং রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল অংশ নেন। সংশ্লিষ্ট ব্যাংকের পক্ষ থেকেও আইনজীবী আদালতে শুনানি করেন।
মামলার সূত্রে জানা যায়, ঋণ খেলাপির অভিযোগে আসলাম চৌধুরীর মনোনয়নপত্রের বৈধতা চ্যালেঞ্জ করে নির্বাচন কমিশন ও পরবর্তীতে আদালতে আবেদন করা হয়। নির্বাচন কমিশন ও হাইকোর্ট তার প্রার্থিতা বহাল রাখলেও পরবর্তীতে আপিল বিভাগে বিষয়টি গড়ায়। নির্বাচনের আগে আদালতের আদেশে তিনি প্রার্থিতা ফিরে পান এবং নির্বাচনে অংশ নিয়ে বেসরকারিভাবে বিজয়ী হন। তবে আপিলের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার ফলাফল প্রকাশ স্থগিত রাখা হয়েছিল।
সর্বশেষ আপিল বিভাগের রায়ে তার প্রার্থিতা বাতিল হওয়ায় চট্টগ্রাম-৪ আসনের নির্বাচনী ফলাফল প্রকাশ এবং সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের সম্ভাবনা শেষ হয়েছে।

