যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর ডিজিটাল পরিষেবা কর আরোপ করলে সংশ্লিষ্ট ইউরোপীয় দেশগুলোর পণ্যের ওপর ১০০ শতাংশ আমদানি শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, এমন পদক্ষেপ নেওয়া হলে যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে বিদ্যমান দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তিও বাতিল হিসেবে বিবেচনা করবে।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় ট্রাম্প দাবি করেন, কয়েকটি ইউরোপীয় দেশ নতুন করে ডিজিটাল পরিষেবা কর চালুর প্রস্তুতি নিচ্ছে, আবার কিছু দেশ তা বাস্তবায়নের পর্যায়ে রয়েছে। তার ভাষ্য, মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোর ওপর এ ধরনের কর আরোপ করা হলে যুক্তরাষ্ট্র তাৎক্ষণিকভাবে কঠোর বাণিজ্যিক ব্যবস্থা গ্রহণ করবে।
বর্তমানে যুক্তরাজ্যে বড় সার্চ ইঞ্জিন, সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন মার্কেটপ্লেসের ওপর ২ শতাংশ ডিজিটাল পরিষেবা কর কার্যকর রয়েছে। এছাড়া ফ্রান্স, ইতালি ও স্পেন বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের ওপর ৩ শতাংশ হারে একই ধরনের কর আরোপ করেছে। ইউরোপীয় ইউনিয়নের আরও কয়েকটি দেশও অনুরূপ কর চালুর উদ্যোগ নিয়েছে।
এর আগে ট্রাম্প একাধিকবার অভিযোগ করেন, ইউরোপীয় দেশগুলো অন্যায্যভাবে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্যবস্তু করছে। যদিও সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে একটি নতুন বাণিজ্য চুক্তি চূড়ান্ত হয়েছে, তবে ইইউ জানিয়েছে, তাদের স্বার্থ ক্ষতিগ্রস্ত হলে প্রয়োজনীয় পাল্টা পদক্ষেপ নেওয়া হবে।

