ফুটবল বিশ্বকাপের গ্রুপপর্বে ইংল্যান্ড ও ঘানার ম্যাচটি খাতায়-কলমে একতরফা হওয়ার কথা ছিল। কিন্তু মাঠে দেখা গেল ভিন্ন চিত্র। শক্তিশালী ইংল্যান্ডকে গোলশূন্য ড্রয়ে থামিয়ে দিল আফ্রিকার দল ঘানা। ম্যাচজুড়ে ইংলিশরা আক্রমণ করলেও গোলের দেখা পেল না। আর সেই ব্যর্থতার পরই আলোচনায় উঠে এসেছে আফ্রিকান ঐতিহ্যবাহী ‘জুজু’ বা কালো জাদুর গল্প যা সামাজিক যোগাযোগমাধ্যমে এখন তুমুল হাস্যরসের জন্ম দিয়েছে।
ম্যাচ চলাকালে গ্যালারিতে ঘানার সমর্থকদের সাদা পাউডার ছিটিয়ে প্রার্থনা করতে দেখা যায় যা নিয়ে ভিডিও ছড়িয়ে পড়েছে সর্বত্র। মাঠের ঘটনাপ্রবাহের সঙ্গে এই আচারের অদ্ভুত মিল ফুটবলপ্রেমীদের মধ্যে কৌতূহল বাড়িয়েছে।
ম্যাচের আগেই ঘানার তান্ত্রিক ওঝা নানা কিয়াঙ্কু বোন্সাম ব্রিটিশ গণমাধ্যম ডেইলি স্টার-কে দাবি করেছিলেন, তিনি নাকি ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনএর ওপর কালো জাদুর অভিশাপ দিয়েছেন যার ফলে কেন কোনোভাবেই গোল করতে পারবেন না। ম্যাচের পর সেই দাবি নিয়েই চলছে আলোচনা।
মাঠে দেখা গেল, ইংল্যান্ডের একের পর এক আক্রমণ ঘানার জমাট রক্ষণে এসে থেমে যাচ্ছে। নিকো ও’রেইলির একটি নিশ্চিত শট সাইডবারে লেগে ফিরে আসে। আর সবচেয়ে নাটকীয় মুহূর্তটি আসে শেষ বাঁশির ঠিক আগে কেন গোলপোস্টের সামনে একদম ফাঁকা অবস্থায় বল পেয়ে যান, কিন্তু তার শট গোলবারের অনেক ওপর দিয়ে বাইরে চলে যায়। তার মতো স্ট্রাইকারের জন্য যা প্রায় অসম্ভব ভুল।
এই কাকতালীয় ঘটনাগুলোই এখন ফুটবল বিশ্বে হাস্যরস, মিম আর বিতর্কের জন্ম দিয়েছে। কেউ বলছেন ভাগ্য, কেউ বলছেন চাপ, আর কেউ মজা করে বলছেন বোন্সামের ‘জুজু’ নাকি সত্যিই কাজ করেছে।

