প্রধান খবর

আড়াই বছর পর বিশ্বকাপের মঞ্চে ফিরছেন নেইমার

দীর্ঘ আড়াই বছরের অপেক্ষা শেষ হতে যাচ্ছে। আবারও ব্রাজিলের বিখ্যাত ১০ নম্বর জার্সি গায়ে মাঠ কাঁপাতে প্রস্তুত নেইমার জুনিয়র। স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচে নেইমারকে স্কোয়াডে রাখার বিষয়টি নিশ্চিত করেছেন কোচ কার্লো আনচেলত্তি। বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোর ৫টায় মিয়ামিতে বাঁচা-মরার লড়াইয়ে নামবে ব্রাজিল।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে নেইমারের চোট-আপডেট দিতে গিয়ে আনচেলত্তিকে দেখা যায় বেশ স্বস্তির মেজাজে। তিনি বলেন, নেইমার পুরোপুরি ফিট এবং সপ্তাহজুড়ে দুর্দান্ত অনুশীলন করেছেন। তার ভাষায়, নেইমারের মতো মানের একজন খেলোয়াড় দলে ফিরলে সেটি পুরো দলের জন্যই বিশাল স্বস্তি।

নেইমারকে শুরু থেকেই খেলানো হবে কি না এমন প্রশ্নে আনচেলত্তি রসিকতা করে বলেন, তিনি নিজে যদি বুড়ো বয়সেও ৯০ মিনিট হাঁটতে পারেন, তবে নেইমার অনায়াসে ৯০ মিনিট দৌড়ে খেলতে পারবেন। এমনকি মাঠে না নামলেও ডাগআউটে তার উপস্থিতি তরুণদের মানসিকভাবে এগিয়ে রাখবে।

শেষবার ২০২৩ সালের ১৭ অক্টোবর উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিলের হয়ে মাঠে নেমেছিলেন নেইমার। সেই ম্যাচেই বাঁ-পায়ের হাঁটুতে মারাত্মক চোট পেয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন তিনি। এরপর কেটে গেছে ৯৮০ দিন, প্রায় ২ বছর ৮ মাস। কাতার বিশ্বকাপের পর দীর্ঘদিন দলের বাইরে থাকা ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ডের জন্য এটি শেষ বিশ্বকাপ তাই তার ফেরা নিয়ে ব্রাজিল ক্যাম্পে এখন উৎসবের আমেজ।

প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ ড্রয়ের পর দ্বিতীয় ম্যাচে হাইতিকে ৩-০ গোলে হারিয়ে নকআউটের আশা টিকিয়ে রেখেছে ব্রাজিল। তবে স্কটল্যান্ড ম্যাচে গ্যালারির দর্শকদের দাবি চেলসি ও রিয়ালের নতুন সেনসেশন এনড্রিককে খেলানো হোক। এ নিয়ে আনচেলত্তি মজা করে বলেন, ভক্তরা এনড্রিকের জন্য পাগল, কিন্তু আগামীকাল স্কোয়াডে নেইমারও থাকছে। এখন ভক্তরা কাকে ছেড়ে কার জন্য চিৎকার করবে, সেটি নিয়েই হয়তো দ্বিধায় পড়বে। তবে তার বিশ্বাস, দুজনকেই সমান ভালোবাসা দেবে দর্শকরা।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *