শরীয়তপুরের জাজিরায় চাঁদাবাজি, লুটপাট এবং ব্যবসা প্রতিষ্ঠান দখলের অভিযোগে দায়ের করা মামলায় উপজেলা বিএনপির সহ-সভাপতি সুরুজ মাদবর ও তার ছেলে স্বাধীন মাদবরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। জামিন আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেওয়া হয়।
মঙ্গলবার (২৩ জুন) শরীয়তপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন অভিযুক্ত দুইজন। শুনানি শেষে বিচারক আয়েশা আক্তার তাদের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি বুধবার (২৪ জুন) নিশ্চিত করেন বাদীপক্ষের আইনজীবী দিপু মিয়া।
মামলার নথি অনুযায়ী, জাজিরা উপজেলার মানিকনগর এলাকার ব্যবসায়ী ছোবহান মাদবরের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, মালামাল লুটপাট এবং দোকানঘর দখলের অভিযোগ ওঠে। এতে প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
ঘটনার পর গত বছরের ১২ ডিসেম্বর আদালতে মামলা দায়ের করা হলে চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পরবর্তীতে তারা উচ্চ আদালত থেকে অন্তর্বর্তীকালীন জামিন নেন। জামিনের মেয়াদ শেষ হলে জেলা জজ আদালতে আত্মসমর্পণ করে পুনরায় জামিন আবেদন করেন, যা আদালত প্রত্যাখ্যান করেন।
মামলার বাদী ছোবহান মাদবর বলেন, চাঁদা না দেওয়ায় তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও দখলের ঘটনা ঘটেছে। তিনি আদালতের কাছে ন্যায়বিচার প্রত্যাশা করেন। অন্যদিকে বাদীপক্ষের আইনজীবী জানান, মামলার অভিযোগের ভিত্তিতে আদালত আইনানুগ সিদ্ধান্ত গ্রহণ করেছেন এবং বিচারিক প্রক্রিয়া চলমান রয়েছে।

