পরীক্ষায় নকলের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, কোনো শিক্ষার্থীর কাছে নকল পাওয়া গেলে তাকে ডিটেনশন দেওয়া হবে। একই সঙ্গে কোনো পরীক্ষাকেন্দ্রে নকলের ঘটনা প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান বা কেন্দ্র প্রধানের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বুধবার (২৪ জুন) রাজধানীর আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় ঢাকা, ময়মনসিংহ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবরা অংশ নেন।
শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষা ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে বিদ্যমান পরীক্ষা আইন সংশোধন করা হয়েছে। বর্তমান সময়ের চাহিদা ও বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে আইন হালনাগাদ করা হয়েছে, যাতে নকল ও প্রশ্নফাঁসের মতো অনিয়ম কঠোরভাবে দমন করা যায়।
তিনি আরও বলেন, পরীক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। নকল কিংবা প্রশ্নফাঁসের ঘটনায় কোনো ধরনের ছাড় দেওয়া হবে না এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
অনুষ্ঠানে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আক্তারুজ্জামান এবং বোর্ডের সচিব অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

