চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, কাউকে গ্রেপ্তার করার আগে তার পরিচয় সঠিকভাবে নিশ্চিত করতে হবে। তিনি বলেন, সুনির্দিষ্ট কারণ ছাড়া কাউকে যেন এলোমেলোভাবে গ্রেপ্তার করা না হয় এবং নিরীহ মানুষ হয়রানির শিকার না হন, সে বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন।
মঙ্গলবার (২৩ জুন) আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে চট্টগ্রাম নগরীতে গৃহীত নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ঘুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন মেয়র।
ডা. শাহাদাত হোসেন বলেন, বর্তমানে যারা মিছিল করার চেষ্টা করছেন তারা ভীতসন্ত্রস্ত অবস্থায় রয়েছেন। তিনি এ ধরনের কর্মকাণ্ডকে ‘মিছিল’ নয়, বরং ‘দৌড় প্র্যাকটিস’ হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে তিনি নগরীতে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
মেয়র আরও বলেন, তিনি সকাল থেকে পুরো নগরী ঘুরে কোথাও কোনো উল্লেখযোগ্য রাজনৈতিক মিছিল বা জমায়েত দেখেননি। চট্টগ্রামের নাগরিকরা যাতে শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে বসবাস করতে পারেন, সে লক্ষ্যে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্বশীল ভূমিকা পালন করছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি জানান, নগরীর বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অত্যন্ত সতর্ক অবস্থানে রয়েছেন এবং রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সক্রিয়ভাবে কাজ করছেন।

