প্রধান খবর

চান্দগাঁও শিল্পাঞ্চলে গুলির ঘটনা, আতঙ্কে ব্যবসায়ী ও স্থানীয়রা

চট্টগ্রাম নগরের চান্দগাঁও বিসিক শিল্প এলাকায় একদল সশস্ত্র যুবকের গুলি ছোড়ার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। শনিবার (২০ জুন) সন্ধ্যার পর একটি পোশাক কারখানার সামনে সংঘটিত এ ঘটনার সিসিটিভি ফুটেজ ইতোমধ্যে ভাইরাল হয়েছে।

ফুটেজে দেখা যায়, পাঁচ যুবকের একটি দল ইয়ুনেস্কো (এসটিএস) গ্রুপের একটি পোশাক কারখানার সামনে এসে অবস্থান নেয়। এ সময় তাদের মধ্যে একজনের হাতে থাকা পিস্তল থেকে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয়। ঘটনার সময় অন্য সদস্যরাও সেখানে উপস্থিত ছিল বলে ভিডিওতে দেখা গেছে।

পুলিশের প্রাথমিক তথ্যমতে, চাঁদা দাবিকে কেন্দ্র করে এ ঘটনা ঘটতে পারে। তবে এখন পর্যন্ত জড়িত পাঁচ যুবকের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তাদের শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, ঘটনার বিষয়ে তথ্য সংগ্রহ ও তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। পাশাপাশি এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

উল্লেখ্য, গত বছরের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে চান্দগাঁও শিল্পাঞ্চলে একাধিক গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। সর্বশেষ এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা আরও বেড়েছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *