টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাদাপাথর সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে রোববার (২১ জুন) থেকে পর্যটনকেন্দ্রে নৌযান চলাচল এবং দর্শনার্থীদের প্রবেশ বন্ধ রাখা হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পাহাড়ি ঢলের ফলে সাদাপাথর এলাকার বিস্তীর্ণ অংশ পানিতে তলিয়ে গেছে। পর্যটনকেন্দ্রের আশপাশের দোকানপাটও প্লাবিত হওয়ায় পুরো এলাকায় ঝুঁকিপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ অবস্থায় দুর্ঘটনার আশঙ্কা বিবেচনায় নিয়ে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সাময়িকভাবে কেন্দ্রটি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কোম্পানীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া জানান, সাদাপাথর পর্যটনকেন্দ্র বর্তমানে সম্পূর্ণ পানির নিচে রয়েছে। ফলে পর্যটকদের নিরাপত্তার স্বার্থে একটি নোটিশ জারি করে কেন্দ্রটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে সবাইকে সেখানে ভ্রমণের পরিকল্পনা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।
তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে সাদাপাথর এলাকায় যাতায়াত অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আবহাওয়ার উন্নতি, পানি কমে যাওয়া এবং পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী পর্যটনকেন্দ্রটি পুনরায় দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হবে।

