১২০ বলের টি-টোয়েন্টি ম্যাচ মানেই চার-ছক্কার ঝড়। কিন্তু চট্টগ্রামে বাংলাদেশের ব্যাটিং দেখে যেন টেস্ট ম্যাচের ধীরগতি মনে হয়েছে। পাওয়ার প্লের নির্ধারিত ৬ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ মাত্র ২২ রান, রান রেট ৩.৬৬ সঙ্গে হারিয়েছে তিনটি গুরুত্বপূর্ণ উইকেট।
পাওয়ার প্লেতে ডট বলের পর ডট খেলতে খেলতে ব্যর্থ হয়েছেন পারভেজ হোসেন ইমনও। নাথান এলিসের বলে ক্যাচ দেওয়ার আগে তিনি ১৩ বলে মাত্র এক রান করেন। শেষ ওভারে সোহান ও হৃদয়ের বাউন্ডারি না এলে রান আরও কম থাকার সম্ভাবনা ছিল। অথচ আগের ম্যাচেই পাওয়ার প্লেতে বাংলাদেশ তুলেছিল ৭২ রান যা আজকের ব্যাটিংয়ের সঙ্গে তীব্র বৈপরীত্য তৈরি করেছে।
ম্যাচের দ্বিতীয় ওভারেই আসে বড় ধাক্কা। জনসনের বলে সাইফ হাসানের সোজা শট বোলারের হাতে লেগে স্টাম্পে আঘাত করলে নন-স্ট্রাইকে থাকা তানজিদ হাসান তামিম সামান্য ক্রিজের বাইরে থাকায় রান আউট হয়ে ফেরেন। এরপর সাইফ নিজেও ডট বলের চাপে পড়ে জনসনের ওভারের পঞ্চম বলে মিড-অফে ক্যাচ দেন। মার্শের হাতে ধরা পড়ার আগে তিনি ৯ বলে করেন মাত্র এক রান।
বাংলাদেশি ব্যাটারদের এই ব্যাটিং ধস টি-টোয়েন্টির স্বাভাবিক ছন্দ থেকে অনেক দূরে। ডট বলের চাপ, ভুল সিদ্ধান্ত এবং শট নির্বাচনের দুর্বলতা মিলিয়ে পাওয়ার প্লেতে দল পড়ে যায় গভীর সংকটে।

