পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক আগামী ১৯ জুন সুইজারল্যান্ডের জেনেভায় আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হবে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। দীর্ঘ আলোচনার পর দুই দেশ এ সমঝোতায় পৌঁছেছে বলে দাবি করা হয়েছে।
সোমবার ভোরে দেওয়া এক ঘোষণায় শেহবাজ শরিফ বলেন, পাকিস্তানের কূটনৈতিক উদ্যোগ ও মধ্যস্থতার ফলে ইরান ও যুক্তরাষ্ট্র চলমান সংঘাত নিরসনে একটি সমঝোতায় উপনীত হয়েছে। এর আওতায় সামরিক অভিযান এবং লেবাননসহ বিভিন্ন ফ্রন্টে চলমান সংঘাত স্থায়ীভাবে বন্ধ করার বিষয়ে উভয় পক্ষ সম্মত হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
পাকিস্তানের জাতীয় পরিষদে বক্তব্য রাখতে গিয়ে শেহবাজ শরিফ এ ঘটনাকে বিশ্ব কূটনীতির জন্য একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে আখ্যায়িত করেন। তিনি পাকিস্তানের জনগণ এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে অভিনন্দন জানিয়ে বলেন, শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তান গঠনমূলক ও দায়িত্বশীল ভূমিকা পালন করেছে।
প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের এপ্রিল মাসে যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার পর পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়। ইরানের উত্থাপিত ১৪ দফা প্রস্তাবের ভিত্তিতে সমঝোতা স্মারকের খসড়া প্রস্তুত করা হয় এবং গত ৬০ দিনে একাধিক পর্যায়ে তা পর্যালোচনা করা হয়েছে।
সমঝোতা স্মারক স্বাক্ষরের পর আগামী ৬০ দিনের মধ্যে পারস্পরিক মতপার্থক্য ও বিতর্কিত বিষয়গুলো নিয়ে আরও আলোচনা হবে। এর মাধ্যমে একটি পূর্ণাঙ্গ ও দীর্ঘমেয়াদি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্য নির্ধারণ করেছে দুই দেশ।

