প্রধান খবর

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে তাকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। শপথ গ্রহণের মাধ্যমে দেশের নির্বাহী বিভাগের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে তার ওপর ন্যস্ত হয়।

এর আগে একই দিন দুপুরে নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেন। প্রথমে বিএনপি থেকে নির্বাচিত সদস্যরা শপথ গ্রহণ করেন। পরবর্তীতে ১১ দলীয় জোট, স্বতন্ত্র ও অন্যান্য দলের সংসদ সদস্যরা শপথ নেন। তাদের শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।

এমপি হিসেবে শপথ গ্রহণের পর সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে দ্বিতীয় ধাপে শপথ নেন জামায়াতের নেতারা। তবে দ্বিতীয় দফা শপথের পূর্বে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা ও বিএনপির ইশরাক হোসেনকে সভাকক্ষ ত্যাগ করতে দেখা যায়, যা রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দেয়।

অন্যদিকে, বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করেননি। এ বিষয়ে কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদ জানান, তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত নন; জাতীয় সংসদে সাংবিধানিকভাবে বিষয়টি গৃহীত হলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। ফলে ১১ দলীয় জোটের শপথ কার্যক্রম ঘিরে রাজনৈতিক মহলে কিছুটা অনিশ্চয়তা ও ধোঁয়াশা তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *