ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম ও পরিচ্ছন্নতা পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করতে রাজধানীর বিভিন্ন হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৭ অক্টোবর) সকালে এ কার্যক্রমের অংশ হিসেবে তিনি উত্তরার কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল ও রাজউক উত্তরা মডেল কলেজ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ডেঙ্গু প্রতিরোধে গৃহীত ব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক পরিচ্ছন্নতা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং ডেঙ্গু মোকাবিলায় সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।
এর আগে প্রধানমন্ত্রীর উপপ্রেসসচিব হাসান শিপলু জানান, শনিবার সকাল ৯টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি ও পরিচ্ছন্নতা কার্যক্রম পর্যবেক্ষণের উদ্দেশ্যে বের হন। তাঁর পরিদর্শনসূচিতে ঢাকা মেডিক্যাল কলেজসহ রাজধানীর বিভিন্ন হাসপাতাল অন্তর্ভুক্ত রয়েছে।
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন হাসপাতালগুলোর পরিস্থিতিও সরেজমিনে পর্যবেক্ষণের কথা রয়েছে প্রধানমন্ত্রীর। ডেঙ্গু মোকাবিলায় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রস্তুতি এবং পরিচ্ছন্নতা কার্যক্রম সম্পর্কে সরাসরি ধারণা নেওয়াই এ পরিদর্শনের উদ্দেশ্য।

