ঝিনাইদহের কালীগঞ্জে ৮ বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগ উঠেছে স্থানীয় পল্লী চিকিৎসক আফতাব হোসেন (৫৫) এর বিরুদ্ধে। ঘটনাটি জানাজানি হতেই ক্ষুব্ধ গ্রামবাসী তাকে বাড়িতে অবরুদ্ধ করে রাখে। পরে রাত সাড়ে ৮টার দিকে কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার মনোহরপুর গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটির পরিবার ও স্থানীয়দের ভাষ্য, বৃষ্টির মধ্যে শিশুটি তার দাদীর জন্য ওষুধ আনতে পল্লী চিকিৎসকের বাড়িতে যায়। বাড়িতে কেউ না থাকার সুযোগে চিকিৎসক তাকে একটি কক্ষে নিয়ে ধর্ষণ করেন। শিশুটি চিৎকার করলে তিনি তাকে ছেড়ে দেন। পরে শিশুটি বাড়িতে ফিরে মাকে ঘটনাটি জানায়।
খবর ছড়িয়ে পড়তেই গ্রামবাসী ক্ষোভে ফেটে পড়ে এবং দ্রুত চিকিৎসকের বাড়ি ঘেরাও করে তাকে অবরুদ্ধ করে রাখে। পরে পুলিশে খবর দেওয়া হলে থানা পুলিশ এসে তাকে আটক করে। শিশুটিকে রাতেই কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. আরিফুল ইসলাম জানান, শিশুটির চিকিৎসা চলছে এবং প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পাওয়া গেছে। রাত সাড়ে ৯টার দিকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়।

