প্রধান খবর

বিশ্বকাপ শুরুর আগে বড় ধাক্কা খেল ফ্রান্স, আইভরি কোস্টের জয়

আর মাত্র কয়েকদিন পরই ২০২৬ ফুটবল বিশ্বকাপের পর্দা উঠছে। বিশ্বমঞ্চের অন্যতম জনপ্রিয় ও শক্তিশালী দল ফ্রান্স বিশ্বকাপের ঠিক আগে নিজেদের শেষ মুহূর্তের প্রস্তুতি ম্যাচে বড় ধরনের ধাক্কা খেল। এক আন্তর্জাতিক প্রীতি ম্যাচে কিলিয়ান এমবাপ্পের ফ্রান্সকে ২-১ গোল ব্যবধানে হারিয়ে প্রাক-বিশ্বকাপ রোমাঞ্চ ছড়িয়ে দিল আফ্রিকার দেশ আইভরি কোস্ট।

ম্যাচের শুরুটা অবশ্য প্রত্যাশামতো ফেভারিট ফরাসিদের পক্ষেই ছিল। আক্রমণাত্মক ফুটবলের পসরা সাজিয়ে ম্যাচের প্রথমার্ধেই রায়ানের চেরকির দুর্দান্ত এক গোল করে ফরাসিদের লিড এনে দেন। ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে গেলেও দ্বিতীয় রাউন্ডে যেন খেই হারিয়ে ফেলে দিদিয়ের দেশমের শিষ্যরা।

দ্বিতীয়ার্ধে সম্পূর্ণ নতুন রণকৌশল নিয়ে খোলস ছেড়ে বেরিয়ে আসে আইভরি কোস্ট। গুয়েলা দুয়ে আইভরি কোস্টের হয়ে সমতাসূচক গোল করে ম্যাচে সমতা ফেরান। ফরাসি রক্ষণভাগ যখন সমতা ভাঙার চেষ্টা করছে, ঠিক তখনই ম্যাচের শেষভাগে ম্যানচেস্টার ইউনাইটেড তারকা আমাদ দিয়ালো দুর্দান্ত এক আক্রমণে ফ্রান্সের রক্ষণভাগকে স্তব্ধ করে দলের পক্ষে জয়সূচক গোলটি করেন।

আগামী ১৬ জুন নিউ ইয়র্কের মাটিতে সেনেগালের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের বিশ্বকাপ মিশন শুরু করবে ফ্রান্স। বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তের এই আকস্মিক হারকে বড় কোনো দুশ্চিন্তার কারণ হিসেবে দেখছেন না ফরাসি তারকারা। রিয়াল মাদ্রিদের ফরাসি মিডফিল্ডার অরেলিয়েন চুয়ামেনি বলেন, “পরাজয় সবসময়ই দুঃখজনক, তবে আমরা এখন প্রস্তুতির মধ্য দিয়ে যাচ্ছি এবং নিজেদের ওপর আমাদের পূর্ণ আত্মবিশ্বাস আছে। এই ম্যাচ যদি আমরা জিততাম, তাহলেও এখান থেকে চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছানো যেত না। বিশ্বকাপের মূল মঞ্চে আমরা সম্পূর্ণ প্রস্তুত হয়েই নামব।”

তবে খেলোয়াড়রা নির্ভয়ে থাকলেও মাঠের পারফরম্যান্সে চরম অসন্তুষ্ট ফরাসি হেড কোচ দিদিয়ের দেশম। শিষ্যদের কড়া সতর্কবার্তা দিয়ে তিনি বলেন, “পরাজয় কখনোই সুখকর নয়। দ্বিতীয়ার্ধে আমরা অনেক পরিবর্তন করেছি, তবে সেটা কোনো অজুহাত হতে পারে না। আইভরি কোস্ট দুর্দান্ত গতিতে খেলেছে। এই হার আমাদের জন্য একটি বড় রিমাইন্ডার যে, নিজেদের যতটুকু যোগ্য মনে করি, আমরা আসলে এখনো ততটা উঁচুতে পৌঁছাতে পারিনি। ১৬ জুন আমাদের ঠিক এই ধরনের গতিশীল শক্তির দলের বিপক্ষেই খেলতে হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *