বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে ইউনিসেফ বাংলাদেশের একটি প্রতিনিধিদল। মঙ্গলবার (২ জুন) সংসদ ভবনে ডেপুটি স্পিকারের কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে শিশু অধিকার, শিশুবান্ধব নীতি এবং সামাজিক সুরক্ষা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সাক্ষাৎকালে ডেপুটি স্পিকার বলেন, শিশুদের সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করতে সমাজের সব স্তরে আরও সচেতনতা প্রয়োজন। তিনি শিশুবান্ধব বাজেট ও নীতি প্রণয়নে ইউনিসেফের ধারাবাহিক ভূমিকার প্রশংসা করেন এবং এ বিষয়ে সংসদ সদস্যদের আরও সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
ব্যারিস্টার কায়সার কামাল আরও বলেন, শিশুবান্ধব নীতি প্রণয়ন নিয়ে সংসদ সদস্যদের অংশগ্রহণে গোলটেবিল বৈঠকের আয়োজন করা হলে কার্যকর ও ফলপ্রসূ আলোচনা সম্ভব হবে। এর মাধ্যমে শিশুদের কল্যাণে বাস্তবসম্মত উদ্যোগ গ্রহণের পথ আরও সুগম হবে।
ইউনিসেফ প্রতিনিধিদলের পক্ষ থেকে জানানো হয়, সংসদ সদস্যদের সঙ্গে প্রাক-বাজেট ব্রিফিং ও গোলটেবিল আলোচনার মাধ্যমে শিশুদের মতামত ও প্রয়োজনীয়তা নীতিনির্ধারণ প্রক্রিয়ায় তুলে ধরা সম্ভব। পাশাপাশি বাজেট বরাদ্দ বৃদ্ধির পাশাপাশি তার কার্যকর বাস্তবায়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
বৈঠকে শিশু অধিকার, সামাজিক সুরক্ষা, বাজেট বরাদ্দ বৃদ্ধি এবং দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করা হয়। এ সময় ইউনিসেফ ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

