প্রধান খবর

ভোলায় তোফায়েল আহমেদের দ্বিতীয় জানাজা, রাষ্ট্রীয় সম্মান প্রদান

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য, সাবেক বাণিজ্যমন্ত্রী ও বর্ষীয়ান রাজনীতিক তোফায়েল আহমেদের দ্বিতীয় জানাজা নিজ জেলা ভোলায় অনুষ্ঠিত হয়েছে। জানাজার আগে তাকে রাষ্ট্রীয় সম্মান হিসেবে গার্ড অব অনার প্রদান করা হয়।

মঙ্গলবার (২ জুন) দুপুরে ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। এতে পরিবারের সদস্য, রাজনৈতিক সহকর্মী, বিভিন্ন দলের নেতাকর্মী এবং সর্বস্তরের বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। জানাজা পরিচালনা করেন খলিফাপট্টি জামে মসজিদের ইমাম মাওলানা মো. মহিউদ্দিন।

জানাজা শেষে মরদেহ তার জন্মস্থান ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কোড়ালিয়া গ্রামে নেওয়া হয়। সেখানে শেষ জানাজা শেষে বাবা-মা ও স্ত্রীর কবরের পাশে তাকে দাফন করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

এর আগে দুপুরে তার মরদেহ বহনকারী হেলিকপ্টার ঢাকা থেকে ভোলায় পৌঁছায়। সোমবার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তোফায়েল আহমেদ। দীর্ঘদিন ধরে তিনি পক্ষাঘাতসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন।

বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের অন্যতম প্রবীণ এই নেতা ছাত্রজীবন থেকেই সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী তোফায়েল আহমেদ দীর্ঘ রাজনৈতিক জীবনে সংসদ সদস্য ও মন্ত্রী হিসেবে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *