জার্মানিতে ২০২৫ সালে রেকর্ড সংখ্যক অভিবাসী নাগরিকত্ব লাভ করেছেন। দেশটির সাপ্তাহিক পত্রিকা ‘ভেল্ট আম জনটাগ’-এর তথ্য অনুযায়ী, গত বছর অন্তত ৩ লাখ ৯ হাজার ৮৫২ জন অভিবাসী জার্মান পাসপোর্ট পেয়েছেন। দেশটির ইতিহাসে এক বছরে এত বেশি সংখ্যক মানুষকে নাগরিকত্ব দেওয়ার ঘটনা এই প্রথম।
এর আগে ২০২৪ সালে প্রায় ২ লাখ ৯২ হাজার অভিবাসী জার্মান নাগরিকত্ব পেয়েছিলেন। নাগরিকত্ব প্রদানের এই প্রবৃদ্ধির পেছনে ২০২৪ সালের মাঝামাঝি সময়ে আনা নতুন নাগরিকত্ব আইনকে প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে। নতুন আইনের আওতায় দ্বৈত নাগরিকত্বের সুযোগ চালু করা হয় এবং নাগরিকত্বের জন্য আবাসনের ন্যূনতম সময় আট বছর থেকে কমিয়ে পাঁচ বছর করা হয়।
প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৪ সালে নাগরিকত্ব পাওয়া ব্যক্তিদের মধ্যে সবচেয়ে বেশি ছিলেন সিরিয়ার নাগরিকরা। এছাড়া তুরস্ক থেকেও উল্লেখযোগ্য সংখ্যক অভিবাসী জার্মান নাগরিকত্ব লাভ করেছেন। সংশ্লিষ্টরা মনে করছেন, আগামী বছরগুলোতে ইউক্রেনীয় শরণার্থীদের নাগরিকত্বের আবেদন আরও বৃদ্ধি পাবে।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর আশ্রয় নেওয়া বহু ইউক্রেনীয় ২০২৭ সালের মধ্যে জার্মানিতে পাঁচ বছরের আবাসন শর্ত পূরণ করবেন। ফলে তারা নাগরিকত্বের জন্য আবেদন করার সুযোগ পাবেন। বিশ্লেষকদের মতে, জার্মানির নতুন অভিবাসন নীতি দেশটির শ্রমবাজার ও সামাজিক কাঠামোতে দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।

