প্রধান খবর

সড়ক দুর্ঘটনায় ঝরল ২৫ প্রাণ

দেশের বিভিন্ন জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন। ঈদযাত্রাকে কেন্দ্র করে সড়কে বাড়তি চাপের মধ্যেই এসব দুর্ঘটনা ঘটে। আহত হয়েছেন আরও কয়েকজন।

সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের এলেঙ্গা এলাকায়। ভোররাতে রডবোঝাই একটি ট্রাক উল্টে ১৫ জন নিহত হন। নিহতরা ট্রাকে করে উত্তরবঙ্গের উদ্দেশে যাত্রা করছিলেন বলে জানা গেছে। দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচলে সাময়িক বিঘ্ন সৃষ্টি হয়।

নওগাঁর পত্নীতলায় ড্রামট্রাকের চাপায় অটোরিকশার চালকসহ দুজন নিহত হন। এছাড়া চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় দ্রুতগতির ট্রাকের চাপায় সাবেক এক জজ নিহত হন।

অন্যদিকে, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাক দুর্ঘটনায় এক চালক নিহত হয়েছেন। এছাড়া যমুনা সেতু বাইপাস সড়কে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে একজন প্রাণ হারান। বগুড়ার শাজাহানপুরে অজ্ঞাত যানবাহনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা ও তার শিশু কন্যার মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী গুরুতর আহত হয়েছেন।

সংশ্লিষ্ট থানার কর্মকর্তারা বিভিন্ন দুর্ঘটনায় হতাহতের তথ্য নিশ্চিত করেছেন। ঈদকে সামনে রেখে সড়ক নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন সচেতন মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *