প্রধান খবর

শাকিব খানের বিপরীতে আসছেন মিথিলা

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খান বর্তমানে ব্যস্ত সময় পার করছেন। ঈদুল ফিতরে মুক্তির লক্ষ্যে নির্মিত ‘প্রিন্স’ সিনেমার শুটিং শেষে স্বল্প বিরতি নিয়ে তিনি শুরু করবেন নতুন ছবি ‘রকস্টার’-এর কাজ, যা মুক্তি পাবে আসন্ন ঈদুল আজহায়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ‘রকস্টার’ সিনেমায় শাকিব খানের বিপরীতে দ্বিতীয় নায়িকা হিসেবে দেখা যেতে পারে মিস ইউনিভার্স বাংলাদেশ তানজিয়া জামান মিথিলাকে। যদিও বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। সিনেমাটির পরিচালক আজমান রুশো জানিয়েছেন, চূড়ান্ত সিদ্ধান্তের আগে এ বিষয়ে কোনো মন্তব্য করতে চান না। খুব শিগগিরই দ্বিতীয় নায়িকার নাম প্রকাশ করা হবে বলে জানান তিনি।

অন্যদিকে তানজিয়া জামান মিথিলাও বিষয়টি নিয়ে নীরব রয়েছেন। তিনি বলেন, সবকিছু চূড়ান্ত হলে তবেই সিনেমা নিয়ে কথা বলবেন। তবে একাধিক সূত্র দাবি করছে, এরই মধ্যে পরিচালক সঙ্গে একাধিক বৈঠক করেছেন মিথিলা এবং চরিত্রটিও তার পছন্দ হয়েছে।

জানা গেছে, ‘রকস্টার’ সিনেমার প্রধান নায়িকা হিসেবে বাংলাদেশ অথবা পাকিস্তানের কোনো জনপ্রিয় তারকাকে নেওয়ার পরিকল্পনা রয়েছে। চলতি মাসের শেষ সপ্তাহে শাকিব খানের বিপরীতে প্রধান নায়িকার নাম ঘোষণা করা হতে পারে। সিনেমাটিতে দ্বিতীয় নায়িকার চরিত্রও গুরুত্বপূর্ণ বলে জানা গেছে।

র‍্যাম্প মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করা তানজিয়া জামান মিথিলা পরে অভিনয়ে মনোযোগী হন। ছোট পর্দা ও ওটিটিতে কাজের পাশাপাশি ২০২০ সালে ‘রোহিঙ্গা’ নামে একটি হিন্দি সিনেমায় অভিনয় করেন তিনি। সম্প্রতি বাংলাদেশি চলচ্চিত্রে নিয়মিত কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন মিথিলা। সবকিছু ঠিক থাকলে ‘রকস্টার’ সিনেমার মাধ্যমেই শাকিব খানের বিপরীতে বড় পর্দায় তার অভিষেক হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *