প্রধান খবর

মাতাল ব্যবসায়ীদের হামলায় আহত পুলিশ কর্মকর্তা

রাজধানীর হাতিরঝিল এলাকায় মাতাল কয়েকজন ব্যবসায়ীর হামলায় গুরুতর আহত হয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। আহত পুলিশ কর্মকর্তা অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মাহফুজ্জামান সরকার বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ সূত্র জানায়, গত বুধবার রাতে দায়িত্ব পালন শেষে প্রাইভেটকারে করে বাসায় ফেরার সময় হাতিরঝিল পুলিশ প্লাজা সংলগ্ন একটি ব্রিজের ওপর দুটি গাড়ির মধ্যে হালকা ঘষা লাগাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। এ সময় অভিযুক্তরা গাড়ির গতিরোধ করে বাকবিতণ্ডায় জড়ায় এবং একপর্যায়ে ১০–১২ জন মিলে এডিসি মাহফুজ্জামান সরকারের ওপর অতর্কিত হামলা চালায়।

আহত এডিসি মাহফুজ্জামান সরকার ডিএমপির ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগে কর্মরত। হামলায় তার শরীরে ১৭টি সেলাই দিতে হয়েছে। বর্তমানে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পর হাতিরঝিল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মোরশেদ আলম, মো. বিল্লাল হোসেন, মোহাম্মদ আলমগীর হোসেন, স্বপন সরকার ও সিফাত ইউনুস লেলিন। পুলিশ জানায়, তারা সবাই পেশায় ব্যবসায়ী এবং ঘটনার সময় তারা মদ্যপ অবস্থায় ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ডিএমপি জানিয়েছে, হামলাকারীদের কোনো রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি। ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের ভূমিকা খতিয়ে দেখতে তদন্ত চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *