প্রধান খবর

মা–বাবার কবর জিয়ারতের সঠিক নিয়ম ও দোয়া

মা–বাবার কবর জিয়ারত করা ইসলামে অনুমোদিত ও সওয়াবের কাজ। কবর জিয়ারতের সময় আবেগাপ্লুত হয়ে কান্না আসা স্বাভাবিক এবং তা নিষিদ্ধ নয়। হাদিসে বর্ণিত আছে, মহানবী হজরত মুহাম্মদ (সা.) নিজেও তাঁর মায়ের কবর জিয়ারত করতে গিয়ে কেঁদেছিলেন এবং কবর জিয়ারতকে মৃত্যুর স্মরণ করিয়ে দেয় বলে উল্লেখ করেছেন।

তবে ইসলামের নির্দেশনা অনুযায়ী কবর জিয়ারতের সময় উচ্চস্বরে বিলাপ, বুক চাপড়ানো, কাপড় ছেঁড়া বা জাহেলি যুগের মতো শোক প্রকাশ করা নিষিদ্ধ। রাসুলুল্লাহ (সা.) এসব আচরণ থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন।

কবর জিয়ারতের সঠিক নিয়ম হলো কবরের পাশে দাঁড়িয়ে মৃত ব্যক্তির দিকে মুখ করে শান্তভাবে সালাম দেওয়া। এরপর কোরআন তিলাওয়াত, দরুদ শরিফ, সুরা ফাতেহা, আয়াতুল কুরসি বা সুরা ইখলাস পাঠ করে তার সওয়াব মৃতের জন্য উৎসর্গ করা যায়। দোয়া করার সময় কিবলামুখী হয়ে দাঁড়ানো উত্তম; কবরের দিকে ফিরে হাত তুলে দোয়া করা ঠিক নয়। চাইলে মনে মনেও দোয়া করা যেতে পারে।

মা–বাবার কবর জিয়ারতের সময় পাঠযোগ্য দোয়াগুলোর মধ্যে রয়েছে
“আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবূর…”যার মাধ্যমে কবরবাসীদের জন্য শান্তি ও ক্ষমা প্রার্থনা করা হয়।
এ ছাড়া কোরআনে বর্ণিত দোয়া
“রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগিরা” এর মাধ্যমে মা–বাবার প্রতি আল্লাহর রহমত কামনা করা যায়।
আর ক্ষমা প্রার্থনার জন্য পড়া যেতে পারে
“রাব্বানাগ ফিরলি ওয়া লিওয়ালিদাইয়া” যেখানে নিজের সঙ্গে মা–বাবা ও সব মুমিনের জন্য ক্ষমা চাওয়া হয়।

ইসলামি বিশেষজ্ঞরা বলেন, কবর জিয়ারতের মূল উদ্দেশ্য হলো মৃতের জন্য দোয়া করা এবং নিজের মৃত্যুর কথা স্মরণ করা। তাই নিয়ম মেনে, বিনয় ও একাগ্রতার সঙ্গে মা–বাবার কবর জিয়ারত করা উচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *