দেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের মৃত্যুর খবর নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যকে ‘ভিত্তিহীন গুজব’ বলে উড়িয়ে দিয়েছেন তার বাবা এবং জাতীয় ফুটবল দলের সাবেক কিংবদন্তি খেলোয়াড় কায়সার হামিদ। বর্তমানে ভারতের চেন্নাইয়ের খ্রিস্টান মেডিকেল কলেজ (সিএমসি) হাসপাতালে কারিনার চিকিৎসা চলছে এবং তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
শুক্রবার (১৫ মে) সকালে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে কায়সার হামিদ এই অপপ্রচারে তীব্র ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, “মৃত্যুর মতো একটি স্পর্শকাতর বিষয় নিয়ে এ ধরনের সস্তা জনপ্রিয়তা বা ভিউর ব্যবসা করা ঠিক নয়। আমাদের পরিবার এমনিতেই কারিনার স্বাস্থ্য নিয়ে চরম উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছে। এই কঠিন সময়ে সবার মানসিক সমর্থন প্রয়োজন, কিন্তু এসব নির্জলা মিথ্যা খবর আমাদের আরও মানসিকভাবে বিপর্যস্ত করছে।”
কারিনার বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে তার বাবা জানান, চিকিৎসার ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। কারিনার ফুসফুসের সংক্রমণ এখন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে এবং স্বাস্থ্যের ধীরে ধীরে উন্নতি হচ্ছে। চিকিৎসকদের পরিকল্পনা অনুযায়ী, ফুসফুস পুরোপুরি রিকভারি করার পরেই লিভারের মূল চিকিৎসা ও প্রতিস্থাপন প্রক্রিয়া শুরু হবে।
কায়সার হামিদ আরও জানান, কারিনার লিভার ট্রান্সপ্ল্যান্টের প্রাথমিক প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। লিভার দাতা হিসেবে তার দুই ছেলের প্রয়োজনীয় বেশ কিছু শারীরিক পরীক্ষা সম্পন্ন হয়েছে। সব ঠিক থাকলে ফুসফুসের জটিলতা কাটার পরপরই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরা।
গত ৯ মে কারিনা কায়সারের গুরুতর অসুস্থতার বিষয়টি প্রথম প্রকাশ্যে আনেন আরেক কনটেন্ট ক্রিয়েটর কামরুন নাহার ডানা। তিনি জানিয়েছিলেন, কারিনা হেপাটাইটিস এ এবং ই-তে আক্রান্ত হয়েছেন, যা পরবর্তী সময়ে লিভার ফেইলরে রূপ নেয়। দেশে অবস্থার অবনতি হলে তাকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য চেন্নাইয়ে নেওয়া হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য যাচাই না করে শেয়ার না করার জন্য ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি অনুরোধ জানিয়েছেন কায়সার হামিদ। তিনি বর্তমানে কারিনার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

