স্বাদে ও গন্ধে অতুলনীয় রংপুরের বিখ্যাত হাঁড়িভাঙা আম এখনো গাছ থেকে পাড়া শুরু হয়নি। প্রতি বছরের মতো এবারও জুনের দ্বিতীয় সপ্তাহ থেকে বাজারে মিলবে জিআই স্বীকৃত এই আম। বর্তমানে আমের বয়স প্রায় চার মাস, তাই পরিপক্ব হতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। সাধারণত হাঁড়িভাঙা আম আনুষ্ঠানিকভাবে বাজারজাত শুরু হয় ২০ জুনের পর। তবে কৃষি অফিস বলছে, আবহাওয়া তপ্ত থাকলে এর আগেও গাছ থেকে আম পাড়া যেতে পারে।
রংপুর অঞ্চলে এই আমকে কেন্দ্র করে চলতি মৌসুমে ৩০০ কোটি টাকার বেশি বাণিজ্যের সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্টরা। কৃষি অফিস ও চাষিদের সঙ্গে কথা বলে জানা গেছে, হাঁড়িভাঙা আমের মুকুল আসে ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে। এরপর পাঁচ থেকে ছয় মাসের মধ্যে আম পরিপক্ব হয়। সেই হিসেবে জুনের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে বাজারে পাওয়া যাবে পুরোপুরি পাকা হাঁড়িভাঙা আম।
এর আগে বাজারে হাঁড়িভাঙা আম দেখা গেলেও তা হবে অপরিপক্ব। অন্যান্য অঞ্চলের আমে বাজার ভরপুর থাকলেও হাঁড়িভাঙার প্রকৃত স্বাদ পেতে অপেক্ষা করতেই হয়। বর্তমানে বাগানগুলোতে পরিচর্যা চলছে, যাতে আমগুলো সঠিক সময়ে পরিপক্ব হয়ে বাজারে আসতে পারে।

