ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্ভাব্য ‘বিশ্বাসঘাতকদের’ উদ্দেশে রহস্যময় এক সতর্কবার্তা দিয়েছে, যা মধ্যপ্রাচ্যের কূটনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি সংক্ষিপ্ত বার্তা পোস্ট করে পুরনো আরবি প্রবাদ উদ্ধৃত করেন ‘যে গোপনে বিশ্বাসঘাতকতা করে, সে একদিন প্রকাশ পেয়ে যাবে।’ কোনো দেশের নাম উল্লেখ না থাকলেও বার্তাটি এসেছে এমন এক সময়, যখন ইরান ও উপসাগরীয় অঞ্চলের সম্পর্ক নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।
এই বার্তার আগে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাম্প্রতিক দাবির তীব্র সমালোচনা করেন। নেতানিয়াহু দাবি করেছিলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানবিরোধী হামলার সময় তিনি সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) ‘গোপন সফর’ করেছিলেন। আরাগচি এই দাবিকে উসকানিমূলক বলে উল্লেখ করে বলেন, ইরানের জনগণের বিরুদ্ধে শত্রুতা করা বোকামি, আর ইসরায়েলের সঙ্গে যোগসাজশ ক্ষমার অযোগ্য অপরাধ। তিনি সতর্ক করে দেন, যারা ইসরায়েলের সঙ্গে মিলে বিভেদ তৈরির চেষ্টা করবে, তাদের জবাবদিহির মুখোমুখি হতে হবে। এখানেও তিনি কোনো দেশের নাম নেননি।
এই মন্তব্য ঘিরে ধারণা করা হচ্ছে, ইরান পরোক্ষভাবে সংযুক্ত আরব আমিরাতকে ইঙ্গিত করছে। তবে আমিরাত নেতানিয়াহুর সফরের দাবি সম্পূর্ণ অস্বীকার করেছে। তাদের বক্তব্য, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক আব্রাহাম চুক্তির আওতায় স্বচ্ছভাবে পরিচালিত হয় কোনো গোপন চুক্তি বা গোপন সফরের ভিত্তিতে নয়।
ইরানের এই রহস্যময় বার্তা মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ ভূরাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে, বিশেষ করে এমন সময়ে যখন যুক্তরাষ্ট্র-ইসরায়েল-ইরান সম্পর্ক আবারও অস্থিরতার দিকে ঝুঁকছে।

