প্রধান খবর

রাজশাহীতে গুটি আম নামানো শুরু

রাজশাহীতে বাগান থেকে গুটি জাতের আম নামানো শুরু হয়েছে। গুটি দিয়ে শুরু হলেও পর্যায়ক্রমে বাজারে আসবে অন্যান্য জনপ্রিয় জাতের আম। আজ শুক্রবার থেকেই রাজশাহীর বাজারে গুটি আম পাওয়া যাচ্ছে। সকালে নগরী ও আশপাশের এলাকায় ঘুরে দেখা গেছে, চাষি ও ব্যবসায়ীরা ব্যস্ত আম পাড়ায়। কৃষি বিভাগ জানায়, অপরিপক্ব আম বাজারজাত ঠেকাতে এবং আমের গুণগত মান বজায় রাখতে নির্দিষ্ট সময়সূচি অনুসরণ করা হচ্ছে।

ঘোষিত সময়সূচি অনুযায়ী, ২২ মে থেকে গোপালভোগ, ২৫ মে থেকে রানীপছন্দ ও লক্ষণভোগ, ৩০ মে থেকে হিমসাগর ও খিরসাপাত সংগ্রহ করা যাবে। ১০ জুন থেকে বাজারে আসবে বানানা ম্যাঙ্গো ও ল্যাংড়া, আর ১৫ জুন থেকে পাওয়া যাবে আম্রপালি ও ফজলি। বারি আম-৪ সংগ্রহ শুরু হবে ৫ জুলাই, আশ্বিনা ১০ জুলাই এবং গৌড়মতি ১৫ জুলাই থেকে। তবে কাটিমন ও বারি আম-১১ সারা বছরই সংগ্রহ করা সম্ভব বলে জানিয়েছে কৃষি বিভাগ।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে জেলায় ১৯ হাজার ৬৩ হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে। সম্ভাব্য উৎপাদন ধরা হয়েছে প্রায় ২ লাখ ৪৩ হাজার ৯৯৩ মেট্রিক টন, যার বাজারমূল্য ৭৮০ কোটি টাকারও বেশি। চাষিরা বলছেন, আবহাওয়া অনুকূলে থাকলে এবার আমের মৌসুম ভালো যাবে বলে আশা করা হচ্ছে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *