ঢাকায় কর্মরত মাল্টিমিডিয়া সাংবাদিকরা আইনশৃঙ্খলা বাহিনীর হামলার প্রতিবাদে সমাবেশ করেছেন। বক্তারা অভিযোগ করেন, ঘটনাস্থলে ডিসি মাসুদের উপস্থিতিতেই গণমাধ্যমকর্মীদের ওপর হামলা চালানো হয়েছে এবং এতে তাঁর সম্মতি ছিল বলেই মনে হয়। তাদের দাবি, মাল্টিমিডিয়া সাংবাদিকদের লক্ষ্য করে খুঁজে খুঁজে হামলা করা হয়েছে যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, সাধারণ মানুষের ওপর নির্বিচারে হামলার দৃশ্য সাংবাদিকরা যখন সংগ্রহ ও প্রচার করেন, তখনই পুলিশ তাদের টার্গেট করে। গতকালের ঘটনা ছিল নজিরবিহীন মনে হয়েছে যেন সাংবাদিকদের ওপর হামলা চালানোই পুলিশের বিশেষ কর্মসূচি ছিল।
সমাবেশে মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ফখরুল ইসলাম, সাধারণ সম্পাদক আকতারুজ্জামানসহ সংগঠনের নেতারা বক্তব্য দেন। তারা স্পষ্ট করে জানান, ঘটনার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত প্রতিবাদ কর্মসূচি চলবে।

