দীর্ঘ ১৩ বছরেও শেষ হয়নি সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত। আলোচিত এ মামলায় তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ আবারও পিছিয়েছে। আদালত আগামী ১৮ জুন নতুন দিন নির্ধারণ করেছেন।
বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম-এর আদালতে তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে তদন্ত সংস্থা নির্ধারিত সময়ে প্রতিবেদন জমা দিতে না পারায় আদালত নতুন তারিখ নির্ধারণ করেন। এ নিয়ে মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের সময় ১২৬ বার পেছালো।
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের বাসা থেকে মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনির মরদেহ উদ্ধার করা হয়। পরে এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়।
দীর্ঘদিন র্যাব মামলাটির তদন্ত করলেও উল্লেখযোগ্য অগ্রগতি না হওয়ায় ২০২৪ সালে হাইকোর্ট তদন্তের দায়িত্ব পরিবর্তন করে উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্সকে দায়িত্ব দেয়। আদালত একাধিকবার সময় বাড়ালেও এখনো তদন্ত শেষ হয়নি।
এদিকে বহুল আলোচিত এ হত্যাকাণ্ডের বিচার ও প্রকৃত রহস্য উদঘাটনের অপেক্ষায় রয়েছেন নিহত দুই সাংবাদিকের পরিবার, সহকর্মী ও দেশের গণমাধ্যমকর্মীরা।

