প্রধান খবর

অন্তর্বর্তী সরকারের মেয়াদে ১১৬ অধ্যাদেশ ও ১৪ দ্বিপাক্ষিক চুক্তি

অন্তর্বর্তী সরকারের দায়িত্বকালীন সময়ে মোট ১১৬টি অধ্যাদেশ জারি এবং ১৪টি দ্বিপাক্ষিক চুক্তি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। একই সঙ্গে সরকারের বিভিন্ন নীতিগত ও প্রশাসনিক সিদ্ধান্তের অগ্রগতি তুলে ধরা হয়।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে উপদেষ্টা পরিষদের সাম্প্রতিক সভার তথ্য জানাতে গিয়ে তিনি এসব কথা বলেন। ব্রিফিংয়ে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে গৃহীত আইন, অধ্যাদেশ, নীতিমালা ও চুক্তিসংক্রান্ত কার্যক্রমের একটি সার্বিক চিত্র উপস্থাপন করা হয়।

প্রেস সচিব জানান, ২০২৪ সালের ৮ আগস্ট দায়িত্ব গ্রহণের পর এ পর্যন্ত অন্তর্বর্তী সরকার ৬৮টি নিয়মিত সাপ্তাহিক উপদেষ্টা পরিষদের বৈঠক করেছে। এসব বৈঠকে মোট ৫২৬টি সিদ্ধান্ত নেওয়া হয়, যার মধ্যে ৪৩৯টি বাস্তবায়িত হয়েছে। বাস্তবায়নের হার প্রায় ৮৩ শতাংশ।

তিনি আরও জানান, বর্তমানে ১৬টি অধ্যাদেশ প্রক্রিয়াধীন রয়েছে, যার মধ্যে নীতিগতভাবে অনুমোদিত হয়েছে তিনটি। এ ছাড়া ১৪টি নীতিমালা প্রণয়ন এবং ১৪টি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করা হয়েছে। উপদেষ্টা পরিষদের বিবেচনার জন্য মোট ৩৪৮টি সারসংক্ষেপ উপস্থাপন করা হয়েছে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *