আর মাত্র একদিন পর শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে এবারের আসরে বাংলাদেশ দল অংশ না নেওয়ায় দেশীয় দর্শকদের মধ্যে আগ্রহ তুলনামূলকভাবে কম। তবুও ক্রিকেটপ্রেমী দর্শকদের জন্য বিশ্বকাপের সব ম্যাচ সরাসরি দেখার সুযোগ থাকছে।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) জানায়, বাংলাদেশে বিশ্বকাপের ম্যাচ দুটি টেলিভিশন চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে। চ্যানেল দুটি হলো টি স্পোর্টস এবং নাগরিক টিভি। এ ছাড়া অনলাইনে র্যাবিটহোলের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ ব্যবহার করেও বিশ্বকাপের ম্যাচ উপভোগ করা যাবে।
বিশ্বকাপের আয়োজক দেশ ভারতেও রয়েছে বিস্তৃত সম্প্রচার ব্যবস্থা। সেখানে জিও হটস্টার ও স্টার স্পোর্টস ম্যাচ সম্প্রচার করবে। ইংরেজি ছাড়াও হিন্দি, তামিল, তেলেগু, কন্নড়, বাংলা, মারাঠি, ভোজপুরি, হরিয়ানি ও সাইন ল্যাঙ্গুয়েজে ধারাভাষ্য থাকবে।
অন্য আয়োজক দেশ শ্রীলঙ্কায় ডায়লগ টিভি ও মোবাইল অ্যাপের মাধ্যমে ম্যাচ দেখা যাবে। যুক্তরাজ্য, আয়ারল্যান্ড ও নিউজিল্যান্ডে স্কাই স্পোর্টস, দক্ষিণ আফ্রিকায় প্রাইম ভিডিও এবং পাকিস্তানে পিটিভি ও বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম বিশ্বকাপ সম্প্রচার করবে। এছাড়া যুক্তরাষ্ট্র, কানাডা, মধ্যপ্রাচ্য ও ক্যারিবিয়ান অঞ্চলেও বিভিন্ন আন্তর্জাতিক সম্প্রচারমাধ্যমে সরাসরি বিশ্বকাপ দেখার ব্যবস্থা রয়েছে।

