মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিথ্যা বলছেন এবং যুদ্ধবিরতি চুক্তির জন্য মরিয়া হয়ে উঠেছেন এমন মন্তব্য করেছেন ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) এক শীর্ষ কমান্ডার। তার দাবি, আইআরজিসির লড়াই ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে হতাশা এবং ক্লান্তির দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছে। মঙ্গলবার আইআরজিসি-ঘনিষ্ঠ বার্তা সংস্থা ফারস নিউজের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। সেখানে জানানো হয়, দেশটির সামরিক সদরদপ্তরের শীর্ষ কমান্ডার মেজর জেনারেল আবদুল্লাহি এই মন্তব্য করেছেন।
ফারস নিউজের প্রতিবেদন অনুযায়ী, ফারসি ভাষায় দেওয়া বিবৃতিতে মেজর জেনারেল আবদুল্লাহি বলেন, আইআরজিসি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে এমন অবস্থায় নিয়ে গেছে যে তারা এখন যুদ্ধবিরতির অনুরোধ করতে বাধ্য হচ্ছে। তিনি আরও বলেন, সশস্ত্র বাহিনী “মিথ্যাবাদী ও বিভ্রান্ত মার্কিন প্রেসিডেন্টকে” মাঠের পরিস্থিতি নিয়ে “মিথ্যা আখ্যান তৈরি করতে” দেবে না, বিশেষ করে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে।
এদিকে, যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফা শান্তি আলোচনায় অংশ নিতে ইরানের কোনো প্রতিনিধিদল ইসলামাবাদে যাবে কি না তা এখনো অনিশ্চিত। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার বলেছেন, “ইরানের সঙ্গে আজই চুক্তি স্বাক্ষর হবে।”
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনার প্রস্তুতি জোরদার হলেও ইরান এখন পর্যন্ত কোনো প্রতিনিধি দল পাঠায়নি। বিবিসির দক্ষিণ এশিয়া-বিষয়ক এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ভেতরে রাজনৈতিক উত্তেজনা তীব্র, এবং দেশটির কট্টরপন্থীরা আলোচকদের ওপর কূটনীতির বদলে সংঘাতের পথ বেছে নেওয়ার চাপ দিচ্ছে।

