প্রধান খবর

মধ্যপ্রাচ্য উত্তেজনায় সতর্ক জাপান

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানকে কেন্দ্র করে চলমান ভূ-রাজনৈতিক উত্তেজনা গভীরভাবে পর্যবেক্ষণ করছে জাপান। দেশটির চিফ ক্যাবিনেট সেক্রেটারি ইয়োশিমাসা কিহারা জানিয়েছেন, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি ও সংশ্লিষ্ট কূটনৈতিক তৎপরতার ওপর টোকিও নিবিড় নজর রাখছে।

সোমবার অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্কের বর্তমান অবস্থা, সংশ্লিষ্ট দেশগুলোর কূটনৈতিক উদ্যোগ এবং হরমুজ প্রণালির নিরাপত্তা পরিস্থিতি সমন্বিতভাবে মূল্যায়ন করা হচ্ছে। তার মতে, বর্তমান প্রেক্ষাপটে দ্রুত উত্তেজনা প্রশমিত হওয়া অত্যন্ত জরুরি এবং কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে সংকট নিরসনের সম্ভাবনা রয়েছে।

হরমুজ প্রণালিতে সম্ভাব্য সামরিক পদক্ষেপ বা মাইন অপসারণ কার্যক্রমে জাপানের অংশগ্রহণ প্রসঙ্গে কিহারা জানান, এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান রুট হওয়ায় এই প্রণালিকে ঘিরে জাপানসহ বিভিন্ন দেশ সতর্ক অবস্থানে রয়েছে।

এদিকে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি দীর্ঘমেয়াদে জ্বালানি বাজারে অনিশ্চয়তা তৈরি করতে পারে এমন আশঙ্কায় এশিয়ার বিভিন্ন দেশ বিকল্প জ্বালানি উৎস অনুসন্ধান শুরু করেছে। বিশ্লেষকদের মতে, পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে এমন প্রত্যাশা এখন আর ততটা দৃঢ় নয়।

বিশেষ করে হরমুজ প্রণালির মাধ্যমে তেল ও গ্যাস সরবরাহ অব্যাহত থাকবে কি না, তা নিয়ে উদ্বেগ বাড়ছে। ফলে দক্ষিণ কোরিয়াসহ একাধিক দেশ বিকল্প সরবরাহ ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নিয়েছে এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন জ্বালানি রপ্তানিকারক দেশের সঙ্গে নতুন করে আলোচনা চালাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *