আগামী ১৯ মে অনুষ্ঠিতব্য বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে কারাবন্দি অবস্থায়ও প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। এ লক্ষ্যে তার মনোনয়ন প্রক্রিয়া সম্পন্ন করতে প্রশাসনিক সহায়তা চাওয়া হয়েছে।
রোববার (১২ এপ্রিল) এ বিষয়ে ঢাকার জেলা প্রশাসকের কাছে একটি আবেদন জমা দেওয়া হয়। ব্যারিস্টার সুমনের পক্ষে অ্যাডভোকেট লিটন আহমেদ আবেদনটি দাখিল করেন। আবেদনে উল্লেখ করা হয়, নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় মনোনয়নপত্রে প্রার্থীর স্বাক্ষর নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা জরুরি।
জানা গেছে, বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনে প্রার্থিতা জমা দেওয়ার শেষ সময় ১৬ এপ্রিল। বিধি অনুযায়ী, প্রার্থী হতে হলে মনোনয়নপত্রে সংশ্লিষ্ট ব্যক্তির স্বাক্ষর আবশ্যক। ফলে কারাগারে থাকা অবস্থায় সুমনের স্বাক্ষর গ্রহণের জন্য প্রশাসনিক উদ্যোগ প্রয়োজন।
উল্লেখ্য, ২০২৪ সালের ২১ অক্টোবর দিবাগত রাতে রাজধানীর মিরপুর-৬ এলাকা থেকে ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে বৈষম্যবিরোধী আন্দোলন সংশ্লিষ্ট একাধিক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। তিনি হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সাবেক সংসদ সদস্য।

