হরমুজ প্রণালি খুলে দিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন, ইরান তা সরাসরি প্রত্যাখ্যান করেছে। তেহরান বলছে, এমন হুমকি যুক্তরাষ্ট্রের ‘অসহায় ও দিশেহারা’ অবস্থারই প্রতিফলন। ইরানের কেন্দ্রীয় সামরিক সমন্বয়কারী সংস্থা খাতাম আল-আম্বিয়া এক বিবৃতিতে ট্রাম্পের বক্তব্যকে তীব্র ভাষায় নাকচ করে জানায়, হুমকি দিয়ে ইরানকে সিদ্ধান্ত বদলাতে বাধ্য করা যাবে না।
শনিবার ট্রাম্প আবারও হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য ইরানকে ৪৮ ঘণ্টার সময়সীমা দেন। তিনি দাবি করেন, সোমবারের মধ্যে ইরান প্রণালি না খুললে তাদের ওপর ‘নরক নেমে আসবে’। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে তিনি লেখেন, ইরানকে চুক্তিতে আসতে বা প্রণালি খুলে দিতে ১০ দিনের সময় দেওয়া হয়েছিল, আর এখন হাতে আছে মাত্র ৪৮ ঘণ্টা।
ইরান এই বক্তব্যের কড়া জবাব দিয়েছে। সংস্থাটির জ্যেষ্ঠ কর্মকর্তা আলী আবদুল্লাহি আলীআবাদি বলেন, মার্কিন প্রেসিডেন্টের এমন মন্তব্য দায়িত্বজ্ঞানহীন এবং পরিস্থিতি বোঝার অক্ষমতার পরিচয়। তিনি সতর্ক করে বলেন, ইরানের সার্বভৌমত্বে হস্তক্ষেপের চেষ্টা করলে যুক্তরাষ্ট্রকে কঠিন পরিণতি ভোগ করতে হবে।
হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ। সাম্প্রতিক উত্তেজনার কারণে এ অঞ্চলে সামরিক তৎপরতা বেড়ে গেছে, যা আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ তৈরি করেছে।

