ইরানে বিধ্বস্ত হওয়া যুক্তরাষ্ট্রের এফ-১৫ যুদ্ধবিমানের দ্বিতীয় ক্রুকে উদ্ধার করেছে মার্কিন বাহিনী। তবে এ অভিযানে তাদের ব্যাপক লড়াইয়ের মুখোমুখি হতে হয়েছে। রোববার আলজাজিরাকে দেওয়া তথ্যের ভিত্তিতে যুক্তরাষ্ট্রের এক সেনা কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। উদ্ধার হওয়া ক্রু জীবিত নাকি মৃত-তা এখনো স্পষ্ট নয়।
গত শুক্রবার সকালে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড যুক্তরাষ্ট্রের এফ-১৫-ই যুদ্ধবিমানটি ভূপাতিত করে। এই মডেলের বিমানে সাধারণত দুজন ক্রু থাকেনএকজন পাইলট এবং অন্যজন অস্ত্র নিয়ন্ত্রণ কর্মকর্তা। বিমানটি ভূপাতিত হওয়ার দিনই একজন ক্রুকে উদ্ধার করতে সক্ষম হয় যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্স। এরপর দ্বিতীয় ক্রুকে খুঁজতে সরাসরি ইরানের ভেতরে প্রবেশ করে তারা।
বিমান বিধ্বস্ত হওয়ার পরপরই নজরদারি বিমান উড়িয়ে দুই ক্রুর অবস্থান শনাক্তের চেষ্টা শুরু করে যুক্তরাষ্ট্র। পাশাপাশি একটি হেলিকপ্টার দিয়েও উদ্ধার অভিযান চালানো হয়। তবে ইরানি বাহিনীর হামলার মুখে হেলিকপ্টারটি পিছু হটতে বাধ্য হয়।
এদিকে বিমানের ক্রুকে ধরার জন্য ইরান পুরস্কার ঘোষণা করেছিল। তারা জানিয়েছিল, যে বা যারা মার্কিন বিমান সেনাকে আটক করতে পারবে, তাদের ৬০ হাজার ডলার পুরস্কার দেওয়া হবে।

