প্রধান খবর

স্পেনে আবারও ভয়াবহ ট্রেন দুর্ঘটনা,আহত ৩৭

বার্সেলোনায় লাইনচ্যুত ট্রেনে চালক নিহত, মাত্র তিন দিনের ব্যবধানে স্পেনে আবারও ঘটল ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। মঙ্গলবার সন্ধ্যায় বার্সেলোনায় একটি কমিউটার ট্রেন লাইনচ্যুত হয়ে মাটিতে আছড়ে পড়লে ঘটনাস্থলেই প্রাণ হারান ট্রেনের চালক। আহত হন আরও ৩৭ জন, যার মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর। দুর্ঘটনার পর ট্রেনের ভেতরে আটকা পড়া এক যাত্রীকে উদ্ধারকারীরা পরে বের করে আনতে সক্ষম হন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহতদের মধ্যে পাঁচজন গুরুতর, ছয়জন তুলনামূলক কম আহত এবং ২৬ জন মাঝারি মাত্রার আঘাত পেয়েছেন। একই সময় বার্সেলোনায় আরেকটি কমিউটার ট্রেনও লাইনচ্যুত হয়, তবে সেখানে কেউ হতাহত হয়নি। রেল কর্মকর্তারা জানিয়েছেন, ঝড়ের কারণে লাইনে পাথর পড়ে ট্রেনটি লাইনচ্যুত হয়েছিল।

এর আগে গত রোববার দক্ষিণ স্পেনে আরেক ভয়াবহ দুর্ঘটনায় অন্তত ৪০ জনের মৃত্যু হয়। স্থানীয় কর্মকর্তাদের মতে, মঙ্গলবারের দুর্ঘটনায় ট্রেনটি রেললাইনের পাশের দেয়ালে ধাক্কা খেয়েছিল। কাতালুনিয়ার আঞ্চলিক ফায়ার ইন্সপেক্টর ক্লাউডি গালার্দো জানান, ট্রেন থেকে সব যাত্রীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

স্পেনের বিভিন্ন অঞ্চলে কয়েকদিন ধরে বিরূপ আবহাওয়া বিরাজ করছে। উপকূলীয় ও উত্তর-পূর্বাঞ্চলে জারি করা হয়েছে উচ্চ সতর্কতা। এর মধ্যেই পরপর দুটি বড় ট্রেন দুর্ঘটনা দেশজুড়ে উদ্বেগ বাড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *