বরেণ্য অভিনেতা ও নাট্যকার মামুনুর রশীদের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন তিনি।
বুধবার (২৫ নভেম্বর) দিবাগত রাতে তাকে ল্যাবএইড হাসপাতাল থেকে স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। চার দিন ধরে ল্যাবএইডে চিকিৎসা নিচ্ছিলেন তিনি। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরিবারের সদস্যরা হাসপাতাল পরিবর্তনের সিদ্ধান্ত নেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, তার শরীরে অক্সিজেনের মাত্রা ওঠানামা করছে। বুধবার সন্ধ্যায় ল্যাবএইড হাসপাতালে মেডিক্যাল বোর্ডের বৈঠকে তার অবস্থা সংকটাপন্ন বলে পরিবারকে জানানো হয়। পরে তাকে স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তার ছোট ভাই রশিদ আমিন।
এর আগেও ২০২৫ সালের ৩০ এপ্রিল যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে উড়োজাহাজে অসুস্থ হয়ে পড়েছিলেন মামুনুর রশীদ। পরে পরীক্ষায় তার ফুসফুসের দুই পাশে নিউমোনিয়া ও রক্তে সংক্রমণ ধরা পড়ে। ছয় দিন আইসিইউতে চিকিৎসা নেওয়ার পর সুস্থ হয়ে বাড়ি ফেরেন তিনি।
মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে পাঁচ দশকের বেশি সময় ধরে কাজ করছেন মামুনুর রশীদ। অভিনয়ের পাশাপাশি নাট্যকার ও নির্দেশক হিসেবেও তিনি পরিচিত।

