বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কৃতি আর্চার ল্যান্স নায়েক নেওয়াজ আহম্মদ রাকিব আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জন্য স্বর্ণপদক অর্জন করে গৌরব বয়ে এনেছেন। ‘২০২৬ এশিয়া কাপ ওয়ার্ল্ড র্যাঙ্কিং টুর্নামেন্টে (স্টেজ-১)’ বাংলাদেশ দলের হয়ে অংশ নিয়ে এই সাফল্য অর্জন করেন তিনি।
ল্যান্স নায়েক নেওয়াজ আহম্মদ রাকিব বর্তমানে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এ কর্মরত আছেন। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার হাইধনখালি গ্রামে।
গত ২০ মার্চ বাংলাদেশ দল থাইল্যান্ডে গমন করে। এরপর ২১ মার্চ থেকে ব্যাংককের ‘২০২৬ এশিয়া কাপ ওয়ার্ল্ড র্যাঙ্কিং টুর্নামেন্ট (স্টেজ-১)’ প্রতিযোগিতা শুরু হয়। এতে বাংলাদেশসহ মোট ২২টি দেশের ৪২ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন।
গত শুক্রবার সকালে অনুষ্ঠিত দলগত কম্পাউন্ড পুরুষ বিভাগের ফাইনালে বাংলাদেশ দল ভিয়েতনামকে ২৩২-২২৫ পয়েন্টে পরাজিত করে স্বর্ণপদক অর্জন করে। এই অর্জনে বিজিবি’র কৃতি আর্চার রাকিব গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
বিজিবি’র এই গৌরবোজ্জ্বল সাফল্য দেশের ক্রীড়াঙ্গনে নতুন অনুপ্রেরণা যোগাবে এবং ভবিষ্যতে আরও সাফল্যের পথ সুগম করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

