প্রধান খবর

দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষে দুইজন নিহত

দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুরের চন্ডিপুর এলাকায় ভোরে ঘটে গেল মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। রোববার সকাল ৬টার দিকে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বালুবাহী ট্রাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয় এবং অন্তত ছয়জন আহত হন।

বিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুইজনের মরদেহ উদ্ধার করে। নিহতদের একজনের পরিচয় পাওয়া গেছে তিনি মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার খবির উদ্দিনের ছেলে মোশাররফ হোসেন বাবু। অন্যজনের পরিচয় শনাক্তের কাজ চলছে। আহতরা বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দিনাজপুর শহর থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রী নিয়ে যাচ্ছিল হেরিটেজ স্লিপার কোচ নামের বাসটি। চন্ডিপুর এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাককে সজোরে ধাক্কা দেয়। এতে বাসের চালকের সহকারী ও এক যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারান। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। পুলিশ দুর্ঘটনার কারণ তদন্ত করছে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *