দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে পর্দায় ফিরছে জে. কে. রাওলিংয়ের জাদুকরী দুনিয়া। এইচবিও ম্যাক্স সম্প্রতি প্রকাশ করেছে ‘হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফার্স স্টোন’ সিরিজের প্রথম ট্রেলার, যা মুক্তির পরই ইন্টারনেটে ব্যাপক সাড়া ফেলেছে। ২৬ মার্চ প্রকাশের পর প্রথম ৪৮ ঘণ্টায় ট্রেলারটি বিভিন্ন প্ল্যাটফর্মে দেখা হয়েছে ২৭ কোটি ৭০ লাখের বেশি বার যা এইচবিওর ইতিহাসে নতুন রেকর্ড বলে জানিয়েছে হলিউড রিপোর্টার।
তবে ভিউয়ের জোয়ারের পাশাপাশি চলছে তুমুল আলোচনা ও সমালোচনা। বিশেষ করে হ্যাগ্রিড চরিত্রে নিক ফ্রস্টের কণ্ঠস্বর নিয়ে হতাশ অনেক ভক্ত। তাদের অভিযোগ, আগের মতো সেই গ্রামীণ ব্রিটিশ টান নেই। কেউ কেউ রসিকতা করে লিখেছেন “হ্যাগ্রিডকে শুনে মনে হচ্ছে যেন কোনো করপোরেট অফিসের কর্মকর্তা কথা বলছেন।”
নেভিল লংবটম ও ড্রাকো ম্যালফয়ের নতুন মুখ নিয়েও চলছে বিশ্লেষণ। নেটিজেনদের কেউ মন্তব্য করেছেন, “পুরোনো বাড়িতে নতুন মানুষ থাকতে শুরু করেছে ট্রেলার দেখে এমনই মনে হচ্ছে।”
সবচেয়ে বেশি বিতর্ক তৈরি হয়েছে সেভেরাস স্নেইপ চরিত্রে পাপা এসিইডুকে নিয়ে। প্রয়াত অ্যালান রিকম্যানের জায়গায় অন্য কাউকে কল্পনা করাই ভক্তদের জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে। অনেকেই নতুন রূপান্তরকে ‘বাজেটসহ ফ্যান ফিকশন’ বলে কটাক্ষ করেছেন।
তবুও একদল দর্শক নতুন সিরিজকে স্বাগত জানাচ্ছেন এবং বলছেন, হ্যারি পটারের জগৎ নতুন প্রজন্মের কাছে নতুনভাবে পৌঁছাবে। ফলে ট্রেলার ঘিরে উত্তেজনা ও বিতর্ক দুটোই সমানতালে চলছে।

