প্রধান খবর

লেবাননে সংঘর্ষে ইসরায়েলি সেনা নিহত

দক্ষিণ লেবাননে চলমান সংঘাত আরও তীব্র হওয়ার মধ্যেই এক ইসরায়েলি সেনা নিহত হওয়ার খবর জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। একই ঘটনায় আহত হয়েছেন আরও তিন সেনা। সীমান্ত এলাকায় ‘বাফার জোন’ তৈরির লক্ষ্যে ইসরায়েলের স্থল অভিযান সম্প্রসারণের মধ্যেই এই প্রাণহানির ঘটনা ঘটল।

সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, দক্ষিণ লেবাননে সংঘর্ষে এক ইসরায়েলি সেনা নিহত হয়েছেন বলে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে। নিহত ওই সেনার নাম মোশে ইৎসহাক হাকোহেন ক্যাটজ।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেয়া এক পোস্টে সামরিক বাহিনী জানায়, একই যুদ্ধে আরও তিনজন সেনা আহত হয়েছেন।

অন্যদিকে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়েছে, নিহত সেনা সার্জেন্ট মোশে ইৎসহাক হাকোহেন ক্যাটজের বয়স ২২ বছর। তিনি প্যারাট্রুপার্স ব্রিগেডের ৮৯০তম ব্যাটালিয়নের সদস্য ছিলেন এবং যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যের নিউ হেভেন শহরের বাসিন্দা।

আহত তিন সেনার অবস্থা মাঝারি গুরুতর বলে জানানো হয়েছে এবং তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়েছে। তাদের পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়েছে বলেও জানিয়েছে সামরিক বাহিনী।

এর আগে থেকেই ইসরায়েল দক্ষিণ লেবাননে তাদের স্থল অভিযান জোরদার করেছে। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যে ‘বাফার জোন’ তৈরির কথা বলেছেন, সেটির অংশ হিসেবেই এই অভিযান চালানো হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *