টানা তিন দিন বন্ধ থাকার পর অবশেষে গাইবান্ধায় দুটি ফিলিং স্টেশনে প্রশাসনের উপস্থিতিতে সীমিত পরিসরে জ্বালানি সরবরাহ শুরু হয়েছে। সোমবার (২৩ মার্চ) রাত ৮টার দিকে শহরের বাসস্ট্যান্ড সংলগ্ন আর রহমান ফিলিং স্টেশন এবং বিকেল সাড়ে ৫টার দিকে এসএ কাদির অ্যান্ড সন্স পাম্পে তেল বিক্রি শুরু হয়। উভয় পাম্পেই পুলিশের কঠোর নজরদারি ছিল।
জেলা প্রশাসনের নতুন নির্দেশনায় বলা হয়েছে:
- তেল নিতে হলে হেলমেট বাধ্যতামূলক
- ড্রাইভিং লাইসেন্স দেখাতে হবে
- মোটরসাইকেলের বৈধ কাগজপত্র সঙ্গে রাখতে হবে
- প্রতিটি মোটরসাইকেলে সর্বোচ্চ ৫০০ টাকার জ্বালানি দেওয়া হবে
নির্দেশনা না মানলে তেল দেওয়া হচ্ছে না, বরং অনেক চালককে জরিমানার মুখে পড়তে হচ্ছে।
তবে বাস্তবে পরিস্থিতি আরও জটিল। তেল সরবরাহ শুরু হওয়ার খবর ছড়িয়ে পড়তেই মুহূর্তে শত শত বাইকার পাম্পে ভিড় করেন। দীর্ঘ লাইনে দাঁড়িয়েও অনেকেই তেল পাননি বিশেষ করে যাদের প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে ছিল না, তারা সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন।
প্রশাসনের দাবি, এই ব্যবস্থা তেলের অপচয়, মজুত ও কালোবাজারি নিয়ন্ত্রণে সহায়ক হবে। কিন্তু চালকদের অভিযোগ হঠাৎ কঠোর শর্ত আরোপ করায় ভোগান্তি বেড়েছে।

