পবিত্র ঈদুল ফিতরের টানা সাত দিনের ছুটি শেষে মঙ্গলবার (২৪ মার্চ) থেকে খুলেছে বাংলাদেশ সচিবালয়সহ সব সরকারি অফিস, ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠান। দীর্ঘ ছুটির পর কর্মস্থলে ফিরে কর্মকর্তা-কর্মচারীরা একে অপরের সঙ্গে কুশল বিনিময় ও কোলাকুলি করে ঈদের আনন্দ ভাগাভাগি করছেন।
গত ২১ মার্চ সারা দেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয় ঈদুল ফিতর। এ উপলক্ষে ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত সাত দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছিল সরকার। ছুটি শেষে মঙ্গলবার সকাল সাড়ে আটটা থেকেই সচিবালয়ে কর্মকর্তা–কর্মচারীদের আগমন শুরু হয়। নির্ধারিত সময়েই প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে নিজ দপ্তরে উপস্থিত হন তিনি সকাল ৯টায় অফিসে আসেন।
সরেজমিনে দেখা গেছে, অফিস খোলার প্রথম দিন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয়ে সিনিয়র সচিব, সচিবসহ সব স্তরের কর্মকর্তা-কর্মচারীরা একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন। অনেককে কোলাকুলি করতেও দেখা গেছে। দীর্ঘ ছুটির পর সচিবালয়জুড়ে ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য। কেউ কেউ ব্যাগ হাতে গ্রাম থেকে সরাসরি অফিসে যোগ দিয়েছেন তাদের কথায় ছিল ঈদের আনন্দের রেশ।
অফিসের স্বাভাবিক কার্যক্রমও শুরু হয়েছে পুরোদমে। অনেকের মতে, আজকের দিনটি মূলত সহকর্মীদের সঙ্গে সাক্ষাৎ ও আনুষ্ঠানিকভাবে অফিসে ফেরার দিন হিসেবে কাটছে।
বিভিন্ন সূত্র জানায়, ঈদের ছুটি শেষে সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি মোটামুটি স্বাভাবিক। যারা গ্রামের বাড়িতে ঈদ উদযাপন করতে গিয়েছিলেন, তাদের বেশিরভাগই ঢাকায় ফিরে কাজে যোগ দিয়েছেন।

