প্রধান খবর

অস্ট্রেলিয়ায় এনডিসিএএএ-এর বর্ণাঢ্য ‘ফ্যামিলি পিকনিক ২০২৬’ অনুষ্ঠিত, প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

স্মৃতিচারণা, খেলাধুলা, সংগীত ও আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে অস্ট্রেলিয়ায় বসবাসরত নটর ডেম কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন নটর ডেম কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়া (এনডিসিএএএ)-এর বার্ষিক ‘ফ্যামিলি পিকনিক ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। গত রোববার (২২ নভেম্বর) সিডনির নিকটবর্তী বারগো স্পোর্টস গ্রাউন্ড কমিউনিটি হলে দিনব্যাপী এই পারিবারিক মিলনমেলার আয়োজন করা হয়। এতে কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা তাদের পরিবার-পরিজন নিয়ে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

সকাল ১০টায় বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হয়। সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজাউল ইসলাম মজুমদার (পুলক) উপস্থিত সবাইকে স্বাগত জানিয়ে উদ্বোধনী বক্তব্য দেন এবং অনুষ্ঠানস্থলের প্রয়োজনীয় নিয়মাবলি সম্পর্কে সবাইকে অবহিত করেন।

সকালের নাশতা শেষে শুরু হয় নানা ধরনের খেলাধুলা ও বিনোদনমূলক আয়োজন। সায়মন হোসেন, মোহাম্মাদ সোহেল ও তানিম মান্নানের পরিচালনায় দিনব্যাপী এসব খেলাধুলায় প্রাক্তন শিক্ষার্থীদের পাশাপাশি তাদের সহধর্মিণী ও সন্তানদের অংশগ্রহণ ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য। শিশুদের বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে সর্বাধিক পুরস্কার অর্জন করে স্বর্গ সায়ন্ত চৌধুরী।

খেলাধুলার পাশাপাশি ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। তানিম মান্নানের সঞ্চালনায় সাংস্কৃতিক পর্বের শুরুতে সংগীত পরিবেশন করেন আফরোজা শারমিন পাপড়ি ও মাহির মুবির। এরপর আসিফ রহমান ও আবিদ আহমেদ ছন্দময় রম্য কবিতা আবৃত্তি করে দর্শকদের আনন্দ দেন।

মধ্যাহ্নভোজের পর সাংস্কৃতিক পর্বে যুক্ত হয় বিশেষ সংগীত পরিবেশনা। নটর ডেম কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে গঠিত ব্যান্ড ‘কেডিএইচডি বয়েজ’ (KDHD Boys)-এর সদস্য মাসুদ হাসান, আশিক আহমেদ, নিপুন আলম ও মোহাম্মদ রহমান জনপ্রিয় বাংলা ব্যান্ড সংগীত পরিবেশন করে দর্শকদের মাতিয়ে রাখেন। এ ছাড়া খন্দকার ইউসুফ একক সংগীত পরিবেশন করেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে খালিদ হোসেইন পান্না পুরোনো দিনের জনপ্রিয় বাংলা গান গেয়ে আসরে আবেগঘন আবহ তৈরি করেন।

দিনব্যাপী এই আয়োজনের সমাপনী বক্তব্য ও ধন্যবাদ জ্ঞাপন করেন এনডিসিএএএ-এর সভাপতি সায়মন হোসেন। পিকনিকটি সফলভাবে সম্পন্ন করতে ভূমিকা রাখার জন্য তিনি আয়োজক কমিটি, স্বেচ্ছাসেবক এবং অংশগ্রহণকারী সব প্রাক্তন শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আয়োজকেরা জানান, এ ধরনের পারিবারিক মিলনমেলা প্রবাসে নটর ডেম কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, বন্ধুত্ব ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করার পাশাপাশি নতুন প্রজন্মের সঙ্গে বাংলাদেশের শিক্ষা ও সাংস্কৃতিক ঐতিহ্যের পরিচয় করিয়ে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। স্মৃতি, আনন্দ ও পারিবারিক সম্প্রীতির আবহে দিনটি অংশগ্রহণকারীদের জন্য স্মরণীয় হয়ে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *