প্রধান খবর

শিক্ষকতার সার্থকতা পদ বা বেতনে নয়, শিক্ষার্থীদের ভালো মানুষ হিসেবে গড়ে তোলায়: শিক্ষামন্ত্রী

শিক্ষকতার প্রকৃত সার্থকতা পদ, বেতন কিংবা আগের চাকরির সঙ্গে তুলনা করে নির্ধারিত হয় না; বরং একজন শিক্ষক কতজন শিক্ষার্থীকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পেরেছেন, তার মাধ্যমেই তা মূল্যায়িত হয় বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) ২১২তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, ‘একজন শিক্ষকের সবচেয়ে বড় সাফল্য হলো শিক্ষার্থীদের ভালো মানুষ হিসেবে গড়ে তোলা। পাশাপাশি শিক্ষকতা করতে গিয়ে নিজে কতটা শিখলেন এবং সমাজ ও দেশের জন্য কী অবদান রাখলেন, সেটিও গুরুত্বপূর্ণ। আপনি কতজন ছাত্রছাত্রীকে ভালোভাবে পড়িয়ে ভালো মানুষ বানিয়েছেন, এটা হলো আপনার নম্বর ওয়ান সাফল্য। নম্বর টু স্যাটিসফ্যাকশন হলো, এই শিক্ষাপদ্ধতি শেখানোর সময় নিজে কতটা শিখলেন, নিজের কতটা জ্ঞান বাড়ল।’

এ সময় তিনি শিক্ষকদের আগের চাকরির পদমর্যাদা ও বেতনের সঙ্গে বর্তমান পেশার তুলনা না করার পরামর্শ দেন। তার মতে, সামাজিক মর্যাদা এবং সাধারণ মানুষের সম্মানই একজন শিক্ষকের জীবনের সবচেয়ে বড় অর্জন।

শিক্ষা খাতের বিদ্যমান বিভিন্ন সমস্যা ও বৈষম্যের কথা তুলে ধরে শিক্ষামন্ত্রী জানান, শিক্ষক নিয়োগ, পদায়ন, বদলি ও পদোন্নতির ক্ষেত্রে চলমান জটিলতা দূর করতে সরকার কাজ করছে। একই সঙ্গে বিসিএস ও নন-ক্যাডার শিক্ষকদের মধ্যকার বৈষম্য এবং আত্মীকরণ-সংক্রান্ত সমস্যাগুলো সমাধানেরও উদ্যোগ নেওয়া হচ্ছে। নিয়োগ প্রক্রিয়ার মানোন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, ‘শিক্ষক নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা ও যোগ্যতা নিশ্চিত করতে হবে। এনটিআরসিএর নিয়োগ পরীক্ষাকে বিসিএস পরীক্ষার মানের কাছাকাছি নেওয়ার বিষয়েও সরকার চিন্তা করছে।’

প্রশিক্ষণ কার্যক্রমের মান নিয়ে কিছুটা অসন্তোষ প্রকাশ করে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষকদের প্রশিক্ষণ কেবল গতানুগতিক বা রুটিননির্ভর হলে চলবে না। প্রশিক্ষণে নতুন ধারণা, সৃজনশীলতা, প্রযুক্তির ব্যবহার এবং বিষয়ভিত্তিক দক্ষতা বাড়ানোর ওপর জোর দিতে হবে। প্রশিক্ষণার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা সবাই শিক্ষক। প্রত্যেক শিক্ষকই একজন শিক্ষার্থী। আমি শিখব, আপনি শিখবেন, আপনি শেখাবেন, আমি শেখাব।’

পরিশেষে, প্রশিক্ষণ থেকে কী শিখেছেন, কী শিখতে পারেননি এবং কী শেখার প্রত্যাশা ছিল—তা লিখিতভাবে জানানোর আহ্বান জানান শিক্ষামন্ত্রী। শিক্ষকদের মতামত ও বাস্তব অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে আগামীতে প্রশিক্ষণ কার্যক্রমের মান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *