নভেম্বর, ডিসেম্বর ও জানুয়ারি মাস নিয়ে দেশবাসীর ভয় বা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে জানিয়েছেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৪)-এর পদাতিক অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান। আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে এসআরবি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, ‘নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি-এ ধরনের কোনো তারিখ নিয়ে আসলে ভয় পাওয়ার কিছু নেই। দেশবাসীর আতঙ্কিত হওয়ার কিছু নেই। এ ধরনের ঘোষণা বাংলাদেশের মানুষ আগেও অনেক শুনেছেন।’
শ্রমিক আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, ‘কিছুদিন আগে শ্রমিকেরা বেতন বৃদ্ধির জন্য দাবি-দাওয়া উপস্থাপন করেছেন। এ পর্যন্ত আন্দোলন যৌক্তিক। কিন্তু এই আন্দোলনের আড়ালে কিংবা আন্দোলনকে ঢাল হিসেবে ব্যবহার করে কিছু নাশকতাকারী বিভিন্ন জায়গায় নাশকতা করছে। ডিসেম্বরকে কেন্দ্র করেও বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের বক্তব্য আসছে।’
এসআরবির এই কর্মকর্তা জানান, যারা ককটেল বিস্ফোরণ এবং গাড়িতে অগ্নিসংযোগসহ বিভিন্ন ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছে, তাদের এবং এসব ঘটনায় জড়িত বেশ বড় সংখ্যক ব্যক্তিকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে।
নাশকতা প্রতিরোধে সাধারণ মানুষের ভূমিকার প্রশংসা ও ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করছি। স্থানীয় জনগণকে বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই। কারণ, অনেক নাশকতাকারীকে সাহসী জনগণ নিজেরাই পুলিশের কাছে সোপর্দ করেছেন।’
জনগণকে এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানিয়ে মো. হাফিজুর রহমান আরও বলেন, ‘আপনাদের কাছে কোনো ধরনের তথ্য থাকলে আমাদের সঙ্গে শেয়ার করবেন। এ ধরনের নাশকতা ইনশাআল্লাহ নিয়ন্ত্রণে চলে আসবে। ভয় পাওয়ার কিছু নেই।’ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাহিনীগুলোর তৎপরতা অব্যাহত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

